মাথাভাঙ্গা, ১১ ডিসেম্বরঃ দিনের বেলায় শহরের ব্যস্ত এলাকায় চুরির ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়াল মাথাভাঙ্গা শহরে। বৃহস্পতিবার দুপুর নাগাদ মাথাভাঙ্গা শহরের কালোয়ারপট্টি এলাকার একটি স্বর্ণের দোকানে ঘটে চুরির এই ঘটনা। আকস্মিক এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও।
জানা গিয়েছে, দোকানের মালিক স্বর্ণ ব্যবসায়ী পঙ্কজ শা কিছুক্ষণের জন্য দোকান ফাঁকা রেখে পাশের বাড়িতে গিয়েছিলেন। দোকান ও বাড়ি পাশাপাশি থাকায় তিনি প্রায়ই কিছু সময়ের জন্য বাড়িতে যাতায়াত করেন। কিন্তু বৃহস্পতিবার দুপুরে এই সুযোগকেই কাজে লাগায় এক দুষ্কৃতী। দোকান ফাঁকা দেখে দ্রুত ভেতরে ঢুকে বেশ কিছু রুপোর গহনা নিয়ে চম্পট দেয় সে। ব্যবসায়ীর দাবি, প্রায় ৮০ হাজার টাকার মূল্যবান রুপোর গহনা দোকান থেকে উধাও হয়ে গেছে।
পঙ্কজ শা জানান, তিনি দোকানে ফিরে এসে দেখেন কাউন্টারের গয়নার বাক্স খোলা এবং বেশ কিছু গহনা অনুপস্থিত। পরিস্থিতি দেখে তিনি সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের জানান এবং খবর যায় থানায়। খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
ঘটনাস্থলের পাশেই থাকা একটি সিসিটিভি ক্যামেরায় চোরের চেহারা ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সেই ফুটেজের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। দুষ্কৃতীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং আশপাশের অন্যান্য সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর কালোয়ারপট্টি এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় টহলদারি কিছুটা শিথিল হয়েছে, যার সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরা। তাঁরা দ্রুত অপরাধীকে গ্রেপ্তার এবং এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
মাথাভাঙ্গা পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীকে শনাক্ত করতে বিশেষ দল গঠন করা হয়েছে এবং খুব শিগগিরই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাবাদী তাঁরা।





