খবরিয়া ২৪ ডেস্ক, ৪ জানুয়ারি: নতুন বছরে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য বড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল রাজ্য সরকার। ২০২৫ সালে এখনও পর্যন্ত একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই প্রকল্পের ১০ হাজার টাকা পাননি। নভেম্বর মাসে জানানো হয়েছিল, এক মাসের মধ্যেই ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু বছর শেষ হয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি, ফলে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ে।
তবে সম্প্রতি জানা গিয়েছে, চলতি জানুয়ারি মাসেই ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় ট্যাব কেনার জন্য নির্ধারিত ১০ হাজার টাকা দেওয়া হবে। রাজ্যের প্রায় ৬ লক্ষ পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হবে বলে সূত্রের খবর। যদিও এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই জেলা স্কুল পরিদর্শকদের কাছে বিষয়টি নিয়ে চিঠি পাঠানো হয়েছে এবং ভার্চুয়াল বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। সব প্রক্রিয়া সম্পূর্ণ করতে পড়ুয়াদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
উল্লেখযোগ্যভাবে, গত বছর এই প্রকল্পে একাধিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বছর বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। যাতে হ্যাকিং বা জালিয়াতির কোনও ঘটনা না ঘটে, সে জন্য এবার কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। জানা গেছে, এ বছর ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা শুধুমাত্র আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দেওয়া হবে।
স্কুল জেলা পরিদর্শকেরা জানিয়েছেন, যেসব পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড ও অন্যান্য নথিপত্র সঠিক বলে প্রধানশিক্ষকেরা নিশ্চিত করেছেন, তাঁরাই এই প্রকল্পের টাকা পাবেন। তবে এখনও বহু পড়ুয়ার ক্ষেত্রে নামের বানান, আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। সেই সব গরমিল দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষক সংগঠনগুলির একাংশের দাবি, প্রশাসনিক গড়িমসির কারণেই টাকা পেতে দেরি হচ্ছে। আবার বিরোধীদের মতে, বিষয়টি পুরোপুরি রাজনৈতিক ও নির্বাচনী কৌশল। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে প্রতি বছর একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এককালীন ১০ হাজার টাকা দেওয়া হয়, যা সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর মাসেই মেলে। এবার সেই টাকা জানুয়ারিতে মিলতে চলেছে বলেই আশাবাদী পড়ুয়ারা।





