কোচবিহার, ২ মেঃ কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে শনিবার সকালে হঠাৎ চাঙর ভেঙে পড়ায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে বাজারের মাছ ব্যবসায়ীদের একটি অংশে, যেখানে প্রতিদিনই ভিড় থাকে প্রচুর ক্রেতা-বিক্রেতার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকা চাঙরের একটি বড় অংশ ভেঙে পড়লে অন্তত ৬ থেকে ৭ জন ব্যবসায়ী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে খবর।
ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, বাজারের জরাজীর্ণ অবস্থা নিয়ে একাধিকবার পৌরসভা ও প্রশাসনকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। টানা কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছিল বলেই মনে করছেন স্থানীয়রা।
এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। দ্রুত বাজার সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি তুলেছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।





