কলকাতা, ৩০ এপ্রিলঃ বাংলায় দুই দফার বিধানসভা নির্বাচন শেষ। ২৯৪টি আসনের জনরায় এখন ইভিএমে বন্দি, যার ফলাফল জানা যাবে আগামী ৪ মে। তবে ফল ঘোষণার আগেই জয়ের ব্যাপারে একেবারে আত্মবিশ্বাসী শাসকদল তৃণমূল কংগ্রেস। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন কলকাতার মেয়র তথা বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিম ।
তিনি জানান, ২০০-র বেশি আসন পেয়ে ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল। এমনকি তাঁর দাবি, ২০২ থেকে ২২৫টি আসনের মধ্যে জয় পেতে পারে দল। একইসঙ্গে তিনি আরও বলেন, চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা ব্যনার্জি এবং সম্ভাব্য তারিখ হিসেবে ৬ মে-র কথাও উল্লেখ করেন।
উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটগ্রহণের পর বিভিন্ন সমীক্ষা সামনে এসেছে। বেশিরভাগ এক্সিট পোলেই বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও কিছু সমীক্ষা আবার তৃণমূলের প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে অনিশ্চয়তা বাড়লেও, ফিরহাদ হাকিম সেই সব সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ।
তিনি বলেন, “সমীক্ষা যা-ই বলুক, মানুষের সমর্থন আমাদের সঙ্গেই আছে। বাংলার মানুষ আবারও তৃণমূলকেই বেছে নেবে।” তাঁর অভিযোগ, নির্বাচনের সময় কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে তৃণমূলকে চাপে রাখার চেষ্টা হয়েছে।
বিশেষ করে ইডি-র সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ভোটের সময় তল্লাশি, অস্ত্র প্রদর্শন বা ভয় দেখিয়ে বাংলার মানুষকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে। তবে এই ধরনের পদক্ষেপে তৃণমূলকে আটকানো যাবে না বলেও তিনি দাবি করেন।
নির্বাচন কমিশনও এবারের ভোট শান্তিপূর্ণ করতে একাধিক পদক্ষেপ নিয়েছিল। সব মিলিয়ে এখন রাজ্যের রাজনৈতিক মহলের নজর ৪ মে-র ফলাফলের দিকে। সত্যিই কি ফিরহাদের দাবি বাস্তবায়িত হবে, না কি সমীক্ষার ফলই সঠিক প্রমাণিত হবে সেটাই এখন দেখার।





