কলকাতা, ৩০ এপ্রিলঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-এর দ্বিতীয় দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ভাঙড়ে। তবে ভোট মিটতেই ফের অস্বস্তির খবর সামনে এল। বৃহস্পতিবার সকালে উত্তর কাশীপুর থানার ভোগালী ১ এলাকায় উদ্ধার করা হয়েছে ৭টি তাজা বোমা। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ফাঁকা মাঠের মধ্যে লঙ্কা গাছ দিয়ে চাপা দিয়ে রাখা ছিল বোমাগুলি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে এবং সেগুলি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়। কে বা কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরক মজুত করে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখযোগ্য বিষয়, এবারের নির্বাচনে ভাঙড়ে অতীতের মতো বড় কোনও অশান্তির ঘটনা সামনে আসেনি। নির্বাচন কমিশনের কড়া নজরদারি এবং আগাম পদক্ষেপের ফলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল বলে মনে করা হচ্ছে। ভোটের আগে থেকেই আইনশৃঙ্খলা বজায় রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল।
বোমা উদ্ধার ও বোমা তৈরির মতো ঘটনাগুলির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে NIA-কে। ইতিমধ্যেই ভাঙড়ে বোমা উদ্ধারের দুটি মামলার তদন্ত করছে এই কেন্দ্রীয় সংস্থা। সেই সূত্রে গত কয়েকদিন ধরে এলাকায় রয়েছে NIA-র প্রতিনিধি দল। এমনকি ভোটের দিনও তাদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল।
প্রসঙ্গত, দ্বিতীয় দফার ভোটের আগেই ভাঙড় থেকে ৭৯টি তাজা বোমা উদ্ধার হয়েছিল, যা নিয়ে শুরু হয়েছিল ব্যাপক তদন্ত। প্রথমে স্থানীয় থানায় মামলা দায়ের হলেও পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে সেই তদন্তভার তুলে দেওয়া হয় NIA-র হাতে।
নির্বাচন কমিশনও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কড়া অবস্থান নিয়েছিল। বোমা প্রস্তুতকারীদের গ্রেপ্তার করতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত এই ধরনের ঘটনায় বড়সড় কোনও গ্রেপ্তারির খবর সামনে আসেনি।
ভোট শেষ হওয়ার পরও বারবার বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। পুলিশ ও তদন্তকারী সংস্থার ওপর এখন দায়িত্ব, দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।





