দক্ষিণ ২৪ পরগনা, ২৯ এপ্রিলঃ দ্বিতীয় দফার ভোট চলাকালীন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দার-এর উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসকদল।
অভিযোগ, সকাল থেকে বিভিন্ন বুথ পরিদর্শন করছিলেন বিকাশ সর্দার। কাঁঠালবেড়িয়া এলাকায় পৌঁছতেই তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। এরপরই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ধাক্কাধাক্কি ও মারধরের পাশাপাশি প্রার্থীর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। তাঁর নিরাপত্তারক্ষীরাও হামলার শিকার হন এবং তাঁদের আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তারক্ষীরা কোনওরকমে প্রার্থীকে গাড়িতে তুলে এলাকা থেকে সরিয়ে নিয়ে যান। অভিযোগ, দুষ্কৃতীরা গাড়ির পিছনে ধাওয়া করে।
বিজেপি প্রার্থীর আরও দাবি, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকলেও তারা অভিযুক্তদের বিরুদ্ধে তৎক্ষণাৎ কোনও ব্যবস্থা নেয়নি। ঘটনার পর নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছে এবং এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, রাজনৈতিক স্বার্থে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ তোলা হচ্ছে।





