হাওড়া, ২৯ এপ্রিলঃ দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের দিনে হাওড়ার উদয়নরায়ণপুরে চাঞ্চল্যকর ঘটনা। ভোট দিতে এসে মৃত্যু হল এক বৃদ্ধ ভোটারের। কেন্দ্রীয় বাহিনীর ধাক্কার জেরেই এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মৃতের নাম পূর্ণচন্দ্র দলুই। তিনি উদয়নরায়ণপুর বিধানসভার কুরিট গ্রামের বাসিন্দা। স্থানীয় বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৪৫ নম্বর বুথের ভোটার ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বয়সজনিত কারণে তিনি একা চলাফেরা করতে পারতেন না। তাই এদিন ছেলে তরণী দলুইয়ের সঙ্গে ভোট দিতে যান।
অভিযোগ, বুথে প্রবেশের সময় পূর্ণচন্দ্রবাবুর ছেলে তাঁর বাবার শারীরিক অবস্থার কথা জানিয়ে সঙ্গে ঢোকার অনুমতি চান। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাতে অনুমতি দেননি। এরপরও বৃদ্ধ ভোটাধিকার প্রয়োগের চেষ্টা চালান।
পরিবারের দাবি, তৃতীয়বার আবেদন জানাতে গেলে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান পূর্ণচন্দ্র দলুইকে ধাক্কা দেন। তাতেই তিনি ও তাঁর ছেলে মাটিতে পড়ে যান। এরপর অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ। দ্রুত তাঁকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার জন্য কেন্দ্রীয় বাহিনীকে দায়ী করে ক্ষোভ উগরে দিয়েছেন উদয়নরায়ণপুরের তৃণমূল প্রার্থী সমীর পাঞ্জা তাঁর বক্তব্য, “একজন বৃদ্ধ ভোটারকে এভাবে আক্রমণ করা অত্যন্ত অন্যায় ও নিন্দনীয়। ভোট দিতে এসে তাঁর প্রাণ গেল।”
যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে।





