পূর্ব বর্ধমান, ২৯ এপ্রিলঃ দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের দিন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। কৈয়োর পঞ্চায়েতের গুইয়ের গ্রামে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটারদের বাড়িতে ঢুকে হয়রানি করার অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল কংগ্রেস প্রার্থী নবীনচন্দ্র বাগ।
তিনি অভিযোগ করেন, “কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে এবং সাধারণ মানুষকে অকারণে অপদস্ত করছে।” তাঁর দাবি, ভোটের দিন এভাবে বাড়িতে ঢুকে মানুষকে ভয় দেখানো সম্পূর্ণ অগণতান্ত্রিক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করেই কয়েকজন জওয়ান গ্রামে ঢুকে কিছু বাড়িতে তল্লাশি চালায় বলে অভিযোগ।
এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে সংখ্যালঘু পাড়ায় এই ধরনের ঘটনার অভিযোগ সামনে আসায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।নবীনচন্দ্র বাগ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে।
তিনি দাবি করেন, অবিলম্বে এই ধরনের আচরণ বন্ধ করা উচিত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।তবে কেন্দ্রীয় বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোটের দিন এই ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।





