ভবানীপুর, ২৯ এপ্রিলঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বুধবার সকালেই দেখা গেল একেবারে ভিন্ন ছবি। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা ব্যানার্জি সাতসকালেই বেরিয়ে পড়লেন বুথ পরিদর্শনে। সাধারণত ভোটের দিন তিনি বাড়িতে থেকেই পরিস্থিতির উপর নজর রাখেন, কিন্তু এবার সেই রীতি ভেঙে সকাল ৮টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে ভবানীপুরের বিভিন্ন বুথ ঘুরে দেখেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “আমি প্রার্থী হিসেবে বুথে বুথে ঘুরছি, এখানে মুখ্যমন্ত্রীর কোনও ব্যাপার নেই।” তাঁর এই পদক্ষেপকে রাজনৈতিক মহল ‘নজিরবিহীন’ বলেই মনে করছে। সকাল থেকেই ৭১ ও ৮২ নম্বর বুথে যান তিনি এবং বুথের বাইরে দাঁড়িয়ে ভোটপর্বের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। যদিও তিনি বুথের ভিতরে প্রবেশ করেননি।
এই সময় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, ভোটের আগের রাতে বাহিনী অতিসক্রিয়তা দেখিয়েছে। বিশেষ করে ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুর বাড়িতে রাত দেড়টায় গিয়ে তল্লাশি চালানোর অভিযোগ তোলেন তিনি। মমতার দাবি, কাউন্সিলরের স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় এবং তাঁকে সকালে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি।তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “এভাবে ওরা ভোট করবে!”
বুধবার সকাল ৭টা থেকে রাজ্যের ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। তার কিছুক্ষণের মধ্যেই মমতার এই সক্রিয়তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি জানান, রাতভর পরিস্থিতির উপর নজর রেখেছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসার পরই সকালেই বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেন।
এর পাশাপাশি চেতলায় গিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-এর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে তাঁর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী হুমকি দিয়েছে বলে যে অভিযোগ উঠেছিল, সেই বিষয়েও খোঁজখবর নেন তিনি।
অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি-ও একই সুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে তিনি বলেন, বাহিনী ও পুলিশ পর্যবেক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন, যা নির্বাচনী বিধি বহির্ভূত।
সবমিলিয়ে, ভোটের দিনেই মমতার এই সক্রিয়তা এবং কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে অভিযোগে দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে উত্তেজনা আরও বাড়ল।





