উত্তর ২৪ পরগনা, ২৮ এপ্রিলঃ উত্তর ২৪ পরগনার বনগাঁ-এর পুরাতন বনগাঁ এলাকায় বিএলও-র বিরুদ্ধে গুরুতর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা সুশীল বিশ্বাসের দাবি, এসআইআর শুনানির জন্য তাঁর পরিবারের তিন সদস্যের কাছ থেকে মোট ৩০ হাজার টাকা দাবি করেন সংশ্লিষ্ট বিএলও মৃন্ময় রায়। টাকা না দেওয়ায় তাঁদের ভোটার স্লিপ আটকে রাখা হয় বলেও অভিযোগ।
পরিবারের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বিভিন্ন অজুহাতে টাকা দাবি করা হচ্ছিল। এমনকি ভোটার স্লিপ দেওয়ার ক্ষেত্রেও আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে সোমবার রাতে বিএলও-র বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
সুশীল বিশ্বাসের মেয়ে প্রিয়া বিশ্বাস নির্বাচন কমিশনের কাছে ই-মেল মারফত লিখিত অভিযোগ জানিয়েছেন। স্থানীয় সূত্রে দাবি, শুধু একটি পরিবার নয় এলাকার প্রায় ৫০ জন ভোটারের কাছ থেকেও একইভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
এদিকে, এই অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের দাবি, অভিযুক্ত বিএলও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করেছেন। অন্যদিকে বিজেপির অভিযোগ, বিএলও-রা শাসকদলের সঙ্গে যোগসাজশ করে এই ধরনের কাজ করছে।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিএলও মৃন্ময় রায়। তাঁর দাবি, সংশ্লিষ্ট ভোটারের স্লিপ খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে তা পৌঁছে দেওয়া হয়েছে। তাঁর আরও অভিযোগ, রাজনৈতিক চক্রান্তের জেরে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।





