উত্তর ২৪ পরগনা, ২৮ এপ্রিলঃ দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা-কে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “পুষ্পা ঝুকেগা নেহি।” তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
উল্লেখ্য, উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএস অজয় পাল শর্মাকে ডায়মন্ড হারবার মহকুমায় পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। গত কয়েকদিন ধরে তিনি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় রুটমার্চ করছেন এবং ভোটারদের নিশ্চিন্তে ভোট দেওয়ার আশ্বাস দিচ্ছেন। পাশাপাশি দুষ্কৃতীদের উদ্দেশে কড়া বার্তাও দিতে দেখা গিয়েছে তাঁকে।
সোমবার ফলতা এলাকায় তাঁর এক রুটমার্চের ভিডিও ভাইরাল হয়, যেখানে তাঁকে সম্ভাব্য গোলমালকারীদের সতর্ক করতে শোনা যায়। এরপরই পালটা প্রতিক্রিয়ায় জাহাঙ্গির খান বলেন, “কে কোন এনকাউন্টার স্পেশালিস্ট জানি না। ধমক দিয়ে ভয় দেখানো যাবে না। আমরা পুষ্পা রাজ, ঝুকেগা নেহি।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।
মঙ্গলবারও এলাকায় টহল দেন অজয় পাল শর্মা। তাঁর কনভয় ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন জাহাঙ্গির খান নিজেও। তৃণমূলের অভিযোগ, পর্যবেক্ষক সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অশান্তির পরিবেশ তৈরি করছেন।
যদিও প্রশাসনের তরফে দাবি, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই টহল ও কড়া অবস্থান। সব মিলিয়ে ভোটের আগের মুহূর্তে ফলতা কেন্দ্রকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে।





