যাদবপুর, ২৮ এপ্রিলঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসিসি নির্বাচনের ফল প্রকাশ হতেই ফের রাজনৈতিক বার্তা স্পষ্ট হয়ে উঠল ক্যাম্পাসে। যাদবপুর বিশ্ববিদ্যালয়-তে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি একেবারে শূন্য ফল করেছে। অন্যদিকে বামপন্থী ও অন্যান্য ছাত্র সংগঠন গুলির দাপট বজায় থেকেছে, পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদও কিছু ক্ষেত্রে ভালো ফল করেছে।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (আইসিসি) নির্বাচনে দেখা গেছে, স্নাতকোত্তর কলা বিভাগে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল ছাত্র পরিষদ। তবে সামগ্রিকভাবে ক্যাম্পাসে বাম ঘরানার ছাত্র সংগঠনগুলির প্রভাবই বেশি স্পষ্ট।
এর আগে ৮ ও ২১ এপ্রিল ছাত্র সংসদের নির্বাচনে বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর উভয় ক্ষেত্রেই জয়ী হয়েছে ‘উই দ্য ইন্ডিপেন্ডেন্ট’। কলা বিভাগে দুটি আসনে জয় পেয়েছে এসএফআই। ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে জয় পেয়েছে গণতান্ত্রিক শিক্ষার্থী ফ্রন্ট।
এই ফলাফলকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ, সম্প্রতি বাংলায় নির্বাচনী প্রচারে এসে নরেন্দ্র মোদী যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাঁর দাবি ছিল, সেখানে দেশবিরোধী স্লোগান লেখা হয় এবং পড়াশোনার পরিবেশ নষ্ট হয়েছে। একই সুরে বিজেপি নেতা দিলীপ ঘোষ বিশ্ববিদ্যালয়কে কটাক্ষ করেন।
এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারই প্রেক্ষিতে এই নির্বাচনের ফলাফলকে অনেকেই ‘রাজনৈতিক জবাব’ হিসেবেই দেখছেন।





