কলকাতা, ২৮ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-কে নিয়ে একটি ‘কুরুচিকর’ ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়েছে। বিষয়টি সামনে আসতেই কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, কমিশনের নির্দেশের পর তথ্য-প্রযুক্তি আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ভিডিওটির উৎস খুঁজতে সাইবার সেলের সাহায্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের দাবি, নির্বাচন চলাকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং প্রার্থীদের সম্মান রক্ষা করাই এখন প্রধান লক্ষ্য।
এবারের নির্বাচনে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র হিসেবে উঠে এসেছে ভবানীপুর। এখানে মুখোমুখি হয়েছেন মমতা ব্যানার্জী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত শনিবার চক্রবেড়িয়া এলাকায় মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, সভাস্থলের কাছেই বিজেপির তরফে মাইক বাজিয়ে প্রচার শুরু করা হয়, যার জেরে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য না রেখেই সভাস্থল ত্যাগ করেন মুখ্যমন্ত্রী।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভাইরাল ভিডিও বিতর্ক নতুন করে রাজনৈতিক তরজাকে উসকে দিয়েছে। বিরোধী ও শাসক শিবিরের মধ্যে চাপানউতোর আরও তীব্র হয়েছে।
কমিশনের কড়া অবস্থানের পর এখন নজর রয়েছে তদন্তের অগ্রগতির দিকে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন যে কোনও ধরনের উসকানিমূলক বা কুরুচিকর প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেই সূত্রের খবর।





