উত্তর ২৪ পরগনা, ২৫ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের প্রচারে শনিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট-এ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ঝাঁঝালো জনসভা করেন। সভার শুরুতেই তিনি দাবি করেন, “যাঁরা দুপুরে সভায় আসছেন, তাঁরা আমাকে দেখতে নয়, তৃণমূলকে বড় ব্যবধানে জেতানোর সিদ্ধান্ত নিয়েই আসছেন।”
বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থীকে নিশানা করে অভিষেক অভিযোগ তোলেন, প্রার্থী নিজেকে ‘ডাক্তার’ বলে প্রচার করলেও তাঁর হলফনামায় সেই উল্লেখ নেই। তিনি কটাক্ষ করে বলেন, “ভুয়ো প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যারা নির্বাচনের আগে মিথ্যে বলে, তাদের মানুষই জবাব দেবে।”
প্রথম দফার ভোট নিয়েও আত্মবিশ্বাসী সুর শোনা যায় তাঁর বক্তব্যে। অভিষেক বলেন, “প্রথম দফাতেই তৃণমূল সেঞ্চুরি পার করেছে। ২৯ তারিখ ডবল সেঞ্চুরি পার হবে।” পাশাপাশি বিজেপিকে আক্রমণ করে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, কেন্দ্র ও রাজ্যের উন্নয়নের হিসাব নিয়ে প্রকাশ্যে বিতর্কে আসার আহ্বান জানান।
এদিন তিনি রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলির কথাও তুলে ধরেন। তাঁর দাবি, বসিরহাটে রাস্তা নির্মাণ, স্বাস্থ্য পরিষেবা, কিষান মান্ডি ও বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে ব্যাপক উন্নয়ন হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার ও বাংলার বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের কথাও উল্লেখ করেন তিনি।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগ তুলে অভিষেক বলেন, “আমাদের সরকার নিজেদের উদ্যোগেই গরিব মানুষের বাড়ি তৈরি করছে।”
সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ফল প্রকাশের দিন বাংলায় থেকে মানুষের রায় দেখার আহ্বান জানান। সব মিলিয়ে বসিরহাটের সভা থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণের তীব্রতা বাড়িয়ে নির্বাচনী লড়াইকে আরও উত্তপ্ত করে তুললেন তৃণমূলের এই শীর্ষ নেতা।





