কলকাতা, ২৫ এপ্রিলঃ প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে রাজ্যে। দু’একটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া ১৬ জেলার ১৫২টি আসনে নির্বিঘ্নেই ভোটগ্রহণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের দাবি, প্রযুক্তির ব্যবহার, সুপরিকল্পনা এবং প্রশাসনিক তৎপরতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। এবার দ্বিতীয় দফার আগে আরও কড়া প্রস্তুতি নিতে ময়দানে নেমে পড়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
সপ্তাহান্তেই একাধিক জেলায় সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেছেন তিনি। আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর এবং সন্দেশখালিতে পরিদর্শনের পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তাঁর। এই পরিদর্শনে তাঁর সঙ্গে থাকবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন কে মিশ্র । এছাড়াও বারাকপুর, নিউটাউন, কৃষ্ণনগর ও ডায়মন্ড হারবারেও ধারাবাহিক বৈঠকের পরিকল্পনা রয়েছে।
সূত্রের খবর, প্রথম দফায় সামান্য যে অশান্তির ঘটনা ঘটেছে, তা সম্পূর্ণরূপে এড়াতেই এবার বিশেষ সতর্কতা নিচ্ছে কমিশন। জেলাশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে প্রতিটি থানার ওসি-দের সঙ্গে বৈঠক করে আইন-শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। বিশেষ করে স্পর্শকাতর বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
এছাড়াও দ্বিতীয় দফার আগে আরও ১১ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে ভোট প্রক্রিয়াকে আরও সুরক্ষিত ও নির্ভুল করতে কমিশন যে কোনও ঝুঁকি এড়াতে প্রস্তুত বলেই মনে করছে রাজনৈতিক মহল।





