কলকাতা, ২৫ এপ্রিলঃ বঙ্গের শেষ দফার ভোটের আগে রাজনৈতিক লড়াই আরও তীব্র হচ্ছে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যখন তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রচারে আসছেন, তখনই পালটা কৌশল হিসেবে বিজেপি নামাতে পারে আপের প্রাক্তন সাংসদ রাঘব চধা -কে—এমনই জল্পনা রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, কলকাতায় বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নিতে পারেন রাঘব চড্ডা। যদিও তিনি কবে বা কোথায় সভা করবেন, সে বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি। বিজেপি সূত্রে এই খবর মিললেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
অন্যদিকে, রবিবার তৃণমূলের হয়ে প্রচারে বঙ্গে আসছেন কেজরিওয়াল। বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে, ২৬ ও ২৭ এপ্রিল একাধিক সভা করবেন তিনি। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেজরিওয়ালের প্রচারের পালটা হিসেবেই বিজেপি রাঘব চড্ডাকে সামনে আনতে চাইছে।
একসময় আপের অন্যতম মুখ হলেও বর্তমানে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে রাঘবের এমনটাই দাবি রাজনৈতিক মহলের একাংশের। ফলে কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সরব হতে পারেন তিনি বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে রাঘবের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোটের ময়দানে প্রভাব ফেলতে চাইছে বিজেপি।
আগামী ২৯ এপ্রিল রাজ্যে শেষ দফার ভোট। তার আগে এই সম্ভাব্য প্রচার যুদ্ধ বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।





