খবরিয়া ২৪ ডেস্ক, ২৪ এপ্রিলঃ ফের দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিশ জমা দিল বিরোধী শিবির। জানা গিয়েছে, রাজ্যসভায় মোট ৭৩ জন বিরোধী সাংসদ এই প্রস্তাবে সই করেছেন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, সিপিআইএম, সিপিআই, শিবসেনা (উদ্ধব), এনসিপি (শরদ পাওয়ার) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাংসদেরা এই উদ্যোগে সামিল হয়েছেন।রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে নোটিশ জমা দেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার উপ-দলনেত্রী সাগরিকা ঘোষ এবং কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ।
বিরোধীদের তরফে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মোট ন’দফা অভিযোগ তোলা হয়েছে।অভিযোগগুলির মধ্যে রয়েছে নির্বাচনী আচরণবিধি প্রয়োগে অসঙ্গতি, নির্বাচন কমিশনের সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক মন্তব্য, শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতার ইঙ্গিত, সাংবিধানিক পদাধিকারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ, পক্ষপাতিত্বের অভিযোগে নিষ্ক্রিয়তা এবং বিভিন্ন রাজ্যে ক্ষমতার অপব্যবহার।
উল্লেখ্য, এর আগেও গত ১২ মার্চ সংসদের দুই কক্ষে মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে ১৯৩ জন বিরোধী সাংসদ সই করলেও তা বিতর্কের জন্য গ্রহণ করা হয়নি। লোকসভার স্পিকার ওম বিরলা এবং রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন সেই নোটিশ খারিজ করে দেন।তবে নতুন করে এই ইমপিচমেন্ট প্রস্তাব জমা পড়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এখন দেখার, এই প্রস্তাব সংসদে আদৌ আলোচনার জন্য গৃহীত হয় কি না।





