মাথাভাঙ্গা, ২৪ এপ্রিলঃ ভোট পর্ব শেষ হতেই ফের উত্তপ্ত হয়ে উঠল মাথাভাঙ্গা। তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গামোড় এলাকায়।
অভিযোগ, তৃণমূল কর্মী পরেশ বর্মন বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় বিজেপি কর্মীরা তাঁকে লক্ষ্য করে হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তোলা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।
ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।





