মালদা, ২৪ এপ্রিলঃ নির্বাচন প্রক্রিয়ায় বড়সড় গাফিলতির অভিযোগ উঠে এল মালদার চাঁচল থানার সিহিপুর গ্রামে। অভিযোগ, বিএলও-র অবহেলার জেরে ভোটের দিন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি হুশনারা বেগম নামে এক তরুণী। ভোটের দিন বারবার ভোটার স্লিপ চাইলেও তা পাননি বলে অভিযোগ তাঁর।
ঘটনায় চাঞ্চল্য আরও বাড়ে যখন ভোট শেষের পরদিন ওই তরুণীর বাড়িতে পৌঁছন সংশ্লিষ্ট বিএলও আখতার হোসেন। তখনই তিনি স্বীকার করেন যে ভোটার তালিকায় হুশনারা বেগমের নাম রয়েছে। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন তরুণীর পরিবার এবং এলাকার বাসিন্দারা। বিএলও-কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচল বিধানসভার সিহিপুর গ্রামের ২২৩ নম্বর বুথের দায়িত্বে ছিলেন ওই বিএলও। অভিযোগ, একই নামের দুই ব্যক্তিকে গুলিয়ে ফেলায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়।
যদিও বিএলও আখতার হোসেন নিজের গাফিলতির কথা স্বীকার করেছেন। তাঁর দাবি, ভুলবশত দুইজনকে এক ব্যক্তি ভেবে এই সমস্যা হয়েছে। ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।





