আলিপুরদুয়ার, ২৪ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ পর্ব শেষ হতেই প্রশাসনের তৎপরতায় আজ সকালে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে ইভিএম স্ট্রং রুম সিল করা হল। পাঁচটি বিধানসভার সমস্ত ইভিএম মেশিন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্দিষ্ট স্ট্রং রুমে সংরক্ষণ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে কোনওরকম অনভিপ্রেত ঘটনা না ঘটে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি নজরদারি, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং ২৪ ঘণ্টা পুলিশি পাহারার মাধ্যমে স্ট্রং রুমের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রার্থীদের প্রতিনিধিরাও সিলিং প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন এবং গোটা প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে প্রশাসন দাবি করেছে।
উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী ৪ মে গণনার দিনে। ওইদিন স্ট্রং রুম খুলে গণনা প্রক্রিয়া শুরু হবে এবং ধাপে ধাপে প্রকাশিত হবে ফলাফল।
নির্বাচন পরবর্তী এই সময়টায় প্রশাসনের প্রধান লক্ষ্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণনা প্রক্রিয়াকে নির্বিঘ্ন করা। ইতিমধ্যেই গোটা এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এখন সকলের নজর ৪ মে-র দিকে, সেদিনই স্পষ্ট হবে কার ভাগ্যে জয়ের হাসি ফুটবে।





