খবরিয়া ২৪ ডেস্ক, ২২ এপ্রিলঃ ভোট পরিচালনার পাশাপাশি এবার ভোট কর্মীদের খাবার নিয়েও কড়া নিয়ন্ত্রণ আনল নির্বাচন কমিশন। কী খাবেন, কত দামে খাবেন সব কিছুই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কমিশনের তরফে। পুরুলিয়া জেলায় জেলা গ্রামোন্নয়ন সংস্থার প্রকল্প অধিকর্তার স্বাক্ষরিত খাদ্য তালিকা ইতিমধ্যেই ভোট কর্মীদের হাতে পৌঁছে গিয়েছে।
ই তালিকা অনুযায়ী, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন খাবারের নির্দিষ্ট মূল্য ধার্য করা হয়েছে। যেমন, ৬০ মিলিলিটার লাল চায়ের দাম রাখা হয়েছে ৬ টাকা, দুধ চা ৭ টাকা। মুড়ি-ঘুগনি ৩০ টাকা এবং ভাত, ডাল, সবজি, আলুভাজা, চাটনি ও পাঁপড় মিলিয়ে দুপুরের খাবারের দাম ৬০ টাকা। অতিরিক্ত ভাত নিলে দিতে হবে আরও ১০ টাকা। মাছ বা ডিম যুক্ত হলে দাম বাড়বে রুই মাছ সহ খাবার ৯০ টাকা, আর ডিম কারি সহ ৭০ টাকা। চিকেন যুক্ত হলে নির্দিষ্ট মূল্যে তা পাওয়া যাবে।
রাতের খাবারের ক্ষেত্রেও একইভাবে মূল্য নির্ধারণ করা হয়েছে। একটি রুটির দাম ৫ টাকা, হাফ প্লেট সবজি ১৫ টাকা। চিকেন, তড়কা বা আলু পোস্ত সব কিছুরই আলাদা নির্দিষ্ট দাম রয়েছে। এমনকি মিষ্টি, ইডলি, দই বড়া থেকে শুরু করে পানীয় জলের মূল্যও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
এই সমস্ত খাবার সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে। নির্ধারিত মূল্যের বেশি নেওয়া যাবে না বলেও স্পষ্ট নির্দেশ রয়েছে। তবে জেলা ভেদে এই মূল্যে কিছুটা পার্থক্য থাকতে পারে।
অন্যদিকে, ভোট কর্মীদের সম্মানিকেও জেলাভেদে আলাদা করা হয়েছে। পুরুলিয়ায় প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে অন্যান্য কর্মীদের নির্দিষ্ট ভাতা ধার্য হয়েছে, যা হুগলির তুলনায় কিছুটা কম।
সব মিলিয়ে, স্বচ্ছতা বজায় রাখতে এবং অতিরিক্ত খরচ রোধ করতেই এই পদক্ষেপ বলে মনে করছে কমিশন।





