শীতলকুচি, ১৭ এপ্রিলঃ কোচবিহারে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সমর্থনে শীতলকুচিতে নির্দল প্রার্থী গজেন্দ্র বর্মনের প্রচারে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল। ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায়।
মিছিল শেষে পথসভা থেকে সিপিআইএম নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাঁদের অভিযোগ, বাম নেতৃত্ব সাধারণ মানুষের সমস্যার প্রতি উদাসীন থেকেছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ফরওয়ার্ড ব্লক সভাপতি দীপক সরকার, জেলা সহ-সভাপতি আতিয়ার রহমান এবং প্রার্থী গজেন্দ্র বর্মনসহ অন্যান্য নেতা-কর্মীরা।
পথসভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, বেকার যুবকদের কর্মসংস্থান এবং নারীদের নিরাপত্তা জোরদারের দাবি জানান বক্তারা। পাশাপাশি ১০০ দিনের কাজকে আরও শক্তিশালী ও স্থায়ী করার কথাও বলা হয়।
সভা থেকে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব তাঁদের সমর্থিত প্রার্থী গজেন্দ্র বর্মনকে জয়ী করার আহ্বান জানান। উল্লেখ্য, নির্দল প্রার্থী হিসেবে তিনি ‘ডিজেল পাম্প সেট’ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।





