কোচবিহার, ১৬ এপ্রিলঃ দিনহাটার রাজনৈতিক সভা শেষ করেই সরাসরি কোচবিহার শহরে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি প্রথমেই পা রাখেন শহরের অন্যতম ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও ভক্তিভরে পুজো দিয়ে আসন্ন নির্বাচনে দলের জয়ের প্রার্থনা করেন তৃণমূল নেত্রী।
বৃহস্পতিবার তাঁর এই সফর ঘিরে মন্দির চত্বরে ছিল উপচে পড়া ভিড়। নিরাপত্তার কড়া ব্যবস্থা থাকলেও, বরাবরের মতোই এক সহজ-সরল ভঙ্গিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। মন্দিরে প্রবেশের আগে তিনি সরাসরি একটি স্থানীয় মিষ্টির দোকানে গিয়ে নিজে হাতে সন্দেশ কিনে নেন। সেই সন্দেশ দিয়েই পুজোর থালা সাজান তিনি, যা উপস্থিত মানুষের নজর কাড়ে।
মন্দিরে প্রবেশের সময় ছোট ছোট শিশুদের দেখে থেমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃসুলভ আচরণে তাঁদের কাছে টেনে নিয়ে স্নেহভরে আদর করেন। এই দৃশ্য দেখে আপ্লুত হয়ে পড়েন উপস্থিত সাধারণ মানুষ। এরপর গর্ভগৃহে গিয়ে নিয়ম মেনে পুজো দেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন নির্বাচনে বড় জয়ের লক্ষ্য নিয়েই এদিন দেবতার আশীর্বাদ প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী।
পুজো শেষে মন্দির চত্বরেই সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি। ভিড়ের মধ্যে এক দর্শনার্থীকে উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যায়, “যাদের ভোট বাদ গিয়েছিল, আজকে সব উঠে গিয়েছে।” এই মন্তব্য রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
দিনহাটা থেকে কোচবিহারে মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফর এবং সাধারণ মানুষের সঙ্গে তাঁর সহজ যোগাযোগ তৃণমূল কংগ্রেসের জনসংযোগকে আরও মজবুত করবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।
উল্লেখ্য, শুক্রবার কোচবিহারের রাসমেলার ময়দানে দলীয় প্রার্থীদের সমর্থনে আরও একটি বড় জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, তিনি কোচবিহারেই রাত্রিযাপন করবেন। ফলে উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ জেলায় তাঁর একাধিক কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।





