আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“মোদি-মমতা একসঙ্গে কাজ করছে”-মালদায় বিস্ফোরক মন্তব্য ওয়াইসির, জনসভায় উপচে পড়া ভিড়

Published on: April 14, 2026
---Advertisement---

মালদা, ১৪ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের আগে মালদার কালিয়াচকে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি। মঙ্গলবার কারবালা মাঠে আয়োজিত জনসভা থেকে তিনি রাজ্যের শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং একাধিক ইস্যু তুলে ধরে প্রশ্ন তোলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-কে নিশানা করে ওয়াইসি অভিযোগ করেন, “পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে এসেছে তৃণমূল। মোদি ও মমতা ভাই-বোনের মতো কাজ করছে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে।

এছাড়াও সুজাপুর বিধানসভা এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ না হওয়ার অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, কালিয়াচক পৌরসভা গঠন, ল’ কলেজ স্থাপন, কালিকাপুর রেলগেট নির্মাণ—এই সব প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি। তিনি প্রশ্ন তোলেন, দীর্ঘদিন ধরে শাসনে থেকেও কেন এই কাজগুলি সম্পূর্ণ করা সম্ভব হয়নি।

স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও সরব হন ওয়াইসি। তিনি সিলামপুর গ্রামীণ হাসপাতাল, নারায়ণপুর, যদুপুর ও গোলাপগঞ্জের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির বেহাল অবস্থার কথা তুলে ধরেন। কটাক্ষ করে বলেন, “যদি উন্নয়ন হয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী নিজে এসে এই হাসপাতালগুলিতে চিকিৎসা করাক।”

তাঁর এই বক্তব্যে সভামঞ্চে উপস্থিত মানুষের মধ্যে সাড়া পড়ে। এদিনের জনসভায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দূরদূরান্ত থেকে বহু মানুষ এই সভায় অংশ নেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে এই জনসমাগম এলাকায় এআইএমআইএম-এর সংগঠনগত উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওয়াইসির এই মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে বলে জানা যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য রাজ্যের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে, কালিয়াচকের এই জনসভা শুধু প্রচারেই সীমাবদ্ধ থাকেনি, বরং নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনাকে আরও উসকে দিয়েছে। এখন দেখার, এই প্রচারের প্রভাব ভোটের ফলাফলে কতটা পড়ে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment