কোচবিহার, ১৪ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারের রাজনগরে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন কার্যত নজির গড়ল। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর রোড শো ঘিরে এদিন সকাল থেকেই শহরে দেখা যায় উৎসাহের জোয়ার। কর্মী-সমর্থক থেকে সাধারণ মানুষ সকলের উপস্থিতিতে রাস্তাঘাট কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় জমতে শুরু করে এবিএনশীল কলেজ সংলগ্ন এলাকায়। সেখানেই হেলিকপ্টারে করে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কলেজ মাঠ থেকে বেরিয়ে সরাসরি রোড শোতে অংশ নেন তিনি। হুডখোলা গাড়িতে চড়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন তৃণমূলের এই শীর্ষ নেতা।
রোড শোতে তাঁর সঙ্গে একই গাড়িতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা দক্ষিণ কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক-সহ অন্যান্য প্রার্থীরাও। যাত্রাপথে অভিষেককে কখনও জনতার দিকে গোলাপের ফুল ছড়াতে দেখা যায়, আবার কখনও হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায়। তাঁর এই উপস্থিতিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন কর্মী-সমর্থকরা।
শুধু রাস্তায় নয়, আশপাশের বাড়ির ছাদ, বারান্দা ও ব্যালকনিতেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বহু মানুষ পরিবার-পরিজন নিয়ে দাঁড়িয়ে এই রোড শো প্রত্যক্ষ করেন। গোটা শহরজুড়ে যেন এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “আজ কোচবিহারে একটি ঐতিহাসিক রোড শো হল। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা আরও বেড়েছে।” তাঁর দাবি, এই জনসমর্থনই আগামী নির্বাচনে দলের জয়ের পথ আরও সুগম করবে।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই ধরনের বিশাল জনসমাগম শুধু শক্তি প্রদর্শনই নয়, বরং ভোটারদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। এখন দেখার, এই উন্মাদনা ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে।





