শীতলকুচি, ১০ এপ্রিলঃ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সেই রক্তাক্ত দিনের স্মৃতি আজও তাজা শীতলকুচির মানুষের মনে। ঠিক পাঁচ বছর আগে, ১০ এপ্রিল ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র ভোটারদের ওপর সিআইএসএফের গুলিতে প্রাণ হারান চারজন। শনিবার সেই ঘটনার পঞ্চম বর্ষপূর্তিতে মাথাভাঙ্গা ১ নং ব্লকের জোড়পাটকী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমতলী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে পালন করা হলো শহীদ দিবস।
শহীদ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা, পরিবার পরিজন ও বিভিন্ন স্তরের মানুষজন। শহীদ বেদীতে মাল্যদান, প্রদীপ প্রজ্বলন এবং নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় নিহত চার ভোটার মনিরুজ্জামান, হামিদুল মিয়া, ছামিউল হক ও নুর আলম মিয়াকে।
উল্লেখ্য, ২০২১ সালের ওই দিনে শীতলকুচির একটি ভোটকেন্দ্রে উত্তেজনার মাঝে সিআইএসএফের গুলিতে মৃত্যু হয় এই চারজনের। ঘটনাটি রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং নির্বাচন প্রক্রিয়ার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল।
ঘটনার পরপরই ভোট কেন্দ্রের পাশেই নির্মিত হয় শহীদ বেদী, যা আজ স্মৃতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছরের মতো এবারও সেই বেদীর সামনে জড়ো হয়ে মানুষ তাঁদের প্রিয়জনদের স্মরণ করেন এবং এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার দাবি তোলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “গণতন্ত্রের উৎসবে অংশ নিতে এসে প্রাণ হারানো এই মানুষদের আত্মত্যাগ ভোলার নয়।” একই সঙ্গে ভবিষ্যতে যাতে ভোট প্রক্রিয়া আরও শান্তিপূর্ণ ও নিরাপদ হয়, তার দাবি জানান উপস্থিত সকলে।





