রাজগঞ্জ, ৬ এপ্রিলঃ দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী স্বপ্না বর্মন। সোমবার সকালে বাড়ির মন্দির এবং বোদাগঞ্জের ভামরী দেবীর আশীর্বাদ নিয়ে তিনি মনোনয়ন জমা দেন। প্রার্থীপদ নিয়ে তৈরি হওয়া সমস্ত জট কেটে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি।
মনোনয়ন জমা দেওয়ার পর স্বপ্না বর্মন বলেন, “রাজগঞ্জের মানুষ আমাকে ভীষণ ভালোবাসেন। প্রচারে গিয়ে মানুষের যে আপ্যায়ন পেয়েছি, তাতে আমি আপ্লুত।” নিজের লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি জানান, খেলাধুলোর মঞ্চ থেকে রাজনীতির ময়দানে আসতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।
উল্লেখ্য, মাসখানেক আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এশিয়াডে সোনা জয়ী এই অ্যাথলিট। এরপরই তাঁকে জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করা হয়। তবে প্রার্থী হওয়া নিয়ে শুরু হয় জটিলতা। উত্তর-পূর্ব সীমান্ত রেলের কর্মী হওয়ায় তাঁর প্রার্থীপদ নিয়ে প্রশ্ন ওঠে। সরকারি চাকরিতে থেকে নির্বাচনে লড়ার ক্ষেত্রে আইনি বাধা থাকায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
রেলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও ওঠে। যদিও শেষ পর্যন্ত ইস্তফা গ্রহণ এবং ‘নো ডিউস সার্টিফিকেট’ মেলে যাওয়ায় সমস্ত জটিলতা কাটে। নির্বাচন কমিশন-এর তরফেও প্রার্থীপদ নিয়ে আর কোনও বাধা নেই বলে জানানো হয়।আগামী ২৩ মে রাজগঞ্জে ভোটগ্রহণ হবে। তার আগে মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী স্বপ্না বর্মন জানান, মানুষের ভালোবাসা নিয়েই তিনি এই লড়াইয়ে নামছেন।





