মালদা, ১ এপ্রিলঃ নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, ঠিক তার আগেই মালদার কালিয়াচক থানার হারুচক এলাকায় শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় গুলিবিদ্ধ হন এক যুবক এবং আরও একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
গুলিবিদ্ধ যুবকের নাম এমডি রাহমাতুল্লা সেখ। বর্তমানে তাঁকে মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, তাঁর বুকের বাঁ দিকে গুলি লেগেছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই এলাকায় গুলির শব্দ শোনা যায়। এরপর রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্রাউন সুগার লেনদেন বা জমি সংক্রান্ত বিবাদের জেরে এই গুলির ঘটনা ঘটতে পারে। যদিও এখনও পর্যন্ত ঘটনার সঠিক কারণ নিশ্চিত নয়।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে। নির্বাচনের আগে এই ধরনের ঘটনা মালদার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে বলে মনে করছে রাজনৈতিক মহল।





