কলকাতা, ৩১ মার্চঃ পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভিনরাজ্যের ভোটারদের নাম অন্তর্ভুক্তির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মঙ্গলবার লেখা ওই চিঠিতে ‘ডিয়ার সিইও’ সম্বোধন করে তিনি জানান, এই অভিযোগ সত্যি হলে তা অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। একই সঙ্গে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থেকে মানুষের ভোটাধিকার রক্ষার কথাও মনে করিয়ে দেন তিনি।
চিঠিতে মমতা দাবি করেন, বিশ্বাসযোগ্য সূত্রে জানা যাচ্ছে যে বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক ফর্ম-৬ জমা দিচ্ছেন বিজেপি এজেন্টরা। নিয়ম অনুযায়ী যা বৈধ নয় বলেই তাঁর অভিযোগ। বরং রাজ্যের বাসিন্দা নন, এমন ব্যক্তিদের নাম ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, এই একই অভিযোগে সোমবার নির্বাচন কমিশনের কলকাতা দপ্তরে পৌঁছেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। তিনি দাবি করেন, কয়েক ঘণ্টার মধ্যেই বিপুল সংখ্যক ফর্ম-৬ জমা পড়েছে, যার মধ্যে অনেকেই ভিনরাজ্যের ভোটার। সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জও জানান তিনি।
মমতা তাঁর চিঠিতে আরও উল্লেখ করেন, কমিশনের এই ভূমিকা অত্যন্ত উদ্বেগজনক এবং এর ফলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট প্রক্রিয়ায় বহু মানুষ ভোটাধিকার হারিয়েছেন। উল্লেখ্য, এদিন তিনি সরকারি পদে নয়, তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবেই এই চিঠি দিয়েছেন।





