আসানসোল, ৩০ মার্চঃ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হল বিজেপি বিধায়ক তথা প্রার্থী অগ্নিমিত্রা পালকে। সোমবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রানিগঞ্জ ব্লকের চেলোদ এলাকায় প্রচারে গিয়ে কার্যত ফাঁকা মাঠে পড়ে যান তিনি। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কোনও উৎসাহ চোখে পড়েনি, অধিকাংশ বাড়ির দরজা ছিল বন্ধ। ফলে কিছুক্ষণ অবস্থান করার পর বাধ্য হয়েই দলীয় কর্মীদের নিয়ে এলাকা ছাড়তে হয় তাঁকে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূল কংগ্রেস এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। তাদের দাবি, মানুষের মধ্যে বিজেপির প্রতি আগ্রহের অভাবই এই ছবির মূল কারণ।
অন্যদিকে, অগ্নিমিত্রা পালের অভিযোগ, তৃণমূলের লাগাতার ‘হুমকি’ ও ‘সন্ত্রাসের’ জেরে সাধারণ মানুষ বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন। তাঁর দাবি, এলাকায় ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে, যার ফলে মানুষ প্রকাশ্যে আসতে পারছেন না।
তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ স্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “এলাকার মানুষ অত্যন্ত পরিশ্রমী। সকালে তাঁরা পাথর খাদান বা ইটভাঁটার কাজে চলে যান। বিজেপির প্রচার দেখার জন্য তাঁরা কাজ ফেলে বসে থাকবেন, এটা ভাবাই ভুল।”
তিনি আরও কটাক্ষ করে বলেন, “অগ্নিমিত্রা পল পরিযায়ী পাখির মতো ভোটের সময় আসেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে রয়েছেন। মানুষ কাজকে চেনে, নাটককে নয়।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপির সংগঠন ও জনসংযোগ নিয়ে প্রশ্ন তুলতে পারে। নির্বাচনের আগে এই ধরনের ছবি দলের জন্য কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই এখন জোর আলোচনা শুরু হয়েছে।





