কলকাতা, ২৬ মার্চঃ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কর্মী সংকটে পড়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এই পরিস্থিতিতে ভোটের কাজে নিযুক্ত কর্মীদের স্বপদে ফেরানোর দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কমিশন। তাদের আশঙ্কা, নির্বাচনী দায়িত্বের কারণে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
বুধবার হাই কোর্টে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে এসএসসি। কমিশনের তরফে বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে জানান, সুপ্রিম কোর্ট এসএসসিকে আগামী ৩১ আগস্টের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে। যদিও আগে মার্চ মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল।
কমিশন জানায়, বর্তমানে তাদের মোট কর্মীর সংখ্যা মাত্র ৩৫ জন। এর মধ্যে নির্বাচন কমিশন ভোটের কাজে ২৪ জন কর্মীকে নিয়ে নিয়েছে। ফলে বাকি অল্প সংখ্যক কর্মী দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় কর্মীদের দ্রুত ফেরানো না হলে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ শেষ করা সম্ভব হবে না বলে জানিয়েছে এসএসসি।
এছাড়াও কমিশনের দাবি, তারা একটি স্বশাসিত সংস্থা এবং তাদের কর্মীরাও সেই সংস্থার অধীনস্থ। তাই সেখান থেকে নির্বাচন কাজে কর্মী নেওয়া উচিত নয়। বর্তমানে শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া চলছে বলেও আদালতে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়। একইসঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
পুরো বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে আগামী সোমবার শুনানির আশ্বাস দিয়েছে আদালত। এখন দেখার, কর্মী সংকটের এই জট কীভাবে মেটে।





