কলকাতা, ২৬ মার্চঃ রামনবমী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্স (X) হ্যান্ডলে বার্তা দিয়ে তিনি সকলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে চলার আহ্বান জানান। একইসঙ্গে অন্নপূর্ণা পুজো উপলক্ষেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় লেখেন, “রামনবমীর এই শুভ দিনে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রামনবমী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এই কামনা করি।” তিনি আরও বলেন, সকলের কাছে তাঁর আবেদন রাজ্যে যেন শান্তি, সম্প্রীতি ও সর্বাঙ্গীণ উন্নয়নের মূল্যবোধ বজায় থাকে।
অন্যদিকে অন্নপূর্ণা পুজো উপলক্ষেও আলাদা বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “তুমি দেবী পরাৎপরা সুখদাত্রী দুঃখহরা, অন্নপূর্ণা অন্নে কর পূর্ণ। সকলকে জানাই অন্নপূর্ণা পুজোর আন্তরিক শুভনন্দন।” উৎসবের এই আবহে মানুষের কল্যাণ কামনাই তাঁর মূল বার্তায় উঠে এসেছে।
উল্লেখ্য, রামনবমী উপলক্ষে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কোথাও শোভাযাত্রা, কোথাও কলসযাত্রা, আবার কোথাও রামের পূজো অনুষ্ঠিত হচ্ছে। স্বাভাবিকভাবেই উৎসব ঘিরে জনসমাগমও লক্ষ্য করা গিয়েছে।
তবে এই আবহেই নিউটাউনে একটি শোভাযাত্রায় অস্ত্র ব্যবহারের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশ শোভাযাত্রায় বাধা দিলে আয়োজকদের সঙ্গে বচসা তৈরি হয়। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন।
সমগ্র পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর শান্তি বজায় রাখার বার্তাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। উৎসবের মরশুমে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেই নজর রেখেছে প্রশাসন।





