কলকাতা, ২৬ মার্চঃ নির্বাচনের আবহে খাস কলকাতায় চাঞ্চল্যকর গুলিকাণ্ডে খুন হলেন এক তৃণমূল কর্মী। মৃতের নাম রাহুল দে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন জিৎ মুখোপাধ্যায় নামে আরও এক যুবক, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে গিয়েছিলেন রাহুল। পরিবারের দাবি, জিৎ নিজেই ফোন করে রাহুলকে ডেকে পাঠান। রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎ ওই বহুতলের ছাদ থেকে একাধিক গুলির শব্দ ভেসে আসে। অন্তত তিন রাউন্ড গুলি চলেছে বলে দাবি স্থানীয়দের। আকস্মিক গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পাটুলি থানার বিশাল পুলিশবাহিনী। পরে আসে লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরাও। ছাদে গিয়ে পুলিশ দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দুই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুল দে-র। আহত জিৎ মুখোপাধ্যায়কে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দু’জন পরিচিত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জিৎ মুখোপাধ্যায়ের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি দাবি করেছেন, রাতে হঠাৎ কয়েকজন অচেনা ব্যক্তি ফ্ল্যাটে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়।
তবে তদন্তকারীদের আরও ভাবাচ্ছে, দীর্ঘদিন জিৎ ও রাহুলের মধ্যে যোগাযোগ না থাকা সত্ত্বেও কেন ওই রাতে রাহুলকে ডেকে পাঠানো হয়েছিল। পুরো ঘটনার নেপথ্যে কারা এবং কী উদ্দেশ্য, তা জানতে একাধিক দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।





