নদিয়া, ১৭ মার্চঃ রাজনৈতিক সংঘর্ষে কন্যা হারানোর শোক এখনও তাজা। সেই শোককে শক্তিতে পরিণত করে ভোটের ময়দানে নামতে চলেছেন সাবিনা ইয়াসমিন। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)তাঁকে প্রার্থী করেছে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে। নিহত শিশু তামান্নার মা সাবিনার প্রার্থী হওয়া ঘিরে আবেগঘন বার্তা দিলেও, দলীয় অন্দরে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ।
দল সূত্রে জানা গিয়েছে, সাবিনা দীর্ঘদিন ধরে বামপন্থী আদর্শে বিশ্বাসী এবং রাজনৈতিক সংঘর্ষে নিজের মেয়েকে হারানোর পর থেকেই শাসকের বিরুদ্ধে সরব। তাঁর দাবি, “মেয়ের রক্তের বিচার লাল পতাকাই দেবে।” সেই বার্তাকে সামনে রেখেই তাঁকে প্রার্থী করে সিপিএম নেতৃত্ব।
কিন্তু প্রার্থী ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন দলের একাংশ স্থানীয় কর্মী। অভিযোগ, বহিরাগত মুখকে প্রার্থী করায় উপেক্ষিত হয়েছেন তৃণমূল স্তরের সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার এই ক্ষোভ চরমে পৌঁছায়। কালীগঞ্জ পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে স্থানীয় কর্মীদের বিরুদ্ধে। চেয়ার-টেবিল ভেঙে তাণ্ডব চালানো হয়, উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে সহানুভূতির প্রতীক হিসেবে সাবিনার প্রার্থিতা, অন্যদিকে দলীয় ভাঙন দুইয়ের টানাপোড়েনে পড়েছে বাম শিবির। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত জেলা বা রাজ্য স্তরের নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ভোটের আগে এই অস্থিরতা কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।





