দিল্লি, ১৫ মার্চঃ পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট রবিবার ঘোষণা করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন। সেই বৈঠকেই পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ভোটের দিনক্ষণ জানানো হবে।
সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটারের সংখ্যা প্রায় ৬ কোটি ৪৪ লক্ষ। এবারের নির্বাচনে ১০০ শতাংশ ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হবে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুরক্ষিত থাকে।
তিনি আরও জানান, দুর্গম এলাকাগুলিতেও সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিটি বুথে পানীয় জল, পর্যাপ্ত আলো, টয়লেট এবং হুইলচেয়ারের ব্যবস্থা রাখা হবে।
প্রবীণ নাগরিকদের জন্যও থাকবে বিশেষ সুবিধা। বুথে বসার জন্য স্পেশাল বেঞ্চ থাকবে এবং তাঁদের ভোটদানের ব্যবস্থা গ্রাউন্ড ফ্লোরেই করা হবে।
প্রয়োজন হলে যাতায়াতের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে কমিশন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হবে আগামী ৭ মে। গত ২৫ ফেব্রুয়ারির হিসাব অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা প্রায় ৬.৪৪ কোটি। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে কিছু আবেদন এখনও বিবেচনার মধ্যে রয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।





