খবরিয়া ২৪ ডেস্ক, ১৪ মার্চঃ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে। অভিযোগ, নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় একাধিক মতুয়া পরিবারের নাম বাদ পড়েছে বা ‘বিচারাধীন’ অবস্থায় রাখা হয়েছে। এই পরিস্থিতিতে বহু মানুষের মনে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও আতঙ্ক।
এর মধ্যেই আগামী ১৭ মার্চ থেকে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর-এ শুরু হচ্ছে মতুয়া ধর্ম মহামেলা। কিন্তু ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক মতুয়া ভক্তই এবার মেলায় যোগ দেওয়া নিয়ে সংশয়ে রয়েছেন। তাঁদের আশঙ্কা, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ফলে ভবিষ্যতে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে।
স্থানীয় বাসিন্দা গণেশ বাইন জানান, তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। সেই কারণে তিনি মানসিকভাবে ভীষণ উদ্বিগ্ন। তবে তিনি বলেন, “মেলায় গিয়ে কামনা সাগরে পুণ্যস্নান করব এবং প্রার্থনা করব যাতে আবার ভোটার তালিকায় নাম ফিরে আসে।” অন্যদিকে অনিরুদ্ধ বিশ্বাসের মতো অনেকেই জানিয়েছেন, এই পরিস্থিতিতে তাঁদের মেলায় যাওয়ার ইচ্ছাই নেই।
উল্লেখ্য, মতুয়া ধর্ম মহামেলা উপলক্ষে ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে জোরকদমে প্রস্তুতি চলছে। মেলার মাঠে ইতিমধ্যেই দোকানপাট বসতে শুরু করেছে এবং পুলিশ প্রশাসনও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে।
এবারের মেলার বিশেষ দিক হল, তিনটি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ একত্রে এই মেলার আয়োজন করছে। একটি সংগঠনের নেতৃত্বে রয়েছেন মমতা ঠাকুর, অন্যটির নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং তৃতীয় সংগঠনের নেতৃত্বে রয়েছেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর।
তবে ভোটার তালিকা নিয়ে অসন্তোষের জেরে অনেক মতুয়া ভক্ত জানিয়েছেন, তাঁরা মেলায় গিয়ে শান্তনু ঠাকুরের কাছেই এই বিষয়ে জবাব চাইবেন। ফলে ধর্মীয় উৎসবের আবহের মধ্যেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।





