খবরিয়া ২৪ ডেস্ক, ১৪ মার্চঃ পূর্ব এশিয়ায় নতুন করে উত্তেজনা বাড়াল কিম জং উন-এর নেতৃত্বাধীন উত্তর কোরিয়া। শনিবার পরপর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি প্রদর্শন করল পিয়ংইয়ং। ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয় রাজধানী এলাকার কাছাকাছি সুনান অঞ্চল থেকে এবং তা গিয়ে পড়ে জাপান সাগর-এর জাপানের এক্সক্লুসিভ ইকোনোমিক জোনের কাছাকাছি।
এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ। তাদের মতে, দুপুর প্রায় ১টা ২০ মিনিট নাগাদ ক্ষেপণাস্ত্রগুলি উৎক্ষেপণ করা হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রকও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলি জাপানের নিকটবর্তী সমুদ্রে আছড়ে পড়েছে। এর ফলে নতুন করে সতর্কতা জারি করেছে জাপান এবং দক্ষিণ কোরিয়া।
উল্লেখযোগ্যভাবে, গত কয়েক সপ্তাহে এটি তৃতীয়বার যখন প্রতিবেশী দেশগুলির নিকটবর্তী অঞ্চলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে কিম প্রশাসন আবারও নিজেদের সামরিক সক্ষমতার বার্তা দিতে চাইছে।
ঘটনাটি এমন সময় ঘটল, যখন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, কিম জন উনের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে এবং তিনি আলোচনায় আগ্রহী। তবে তার ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে কিম প্রশাসন কার্যত অন্য বার্তা দিল বলে মনে করছেন কূটনৈতিক মহল।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া স্বাধীনতা ঢাল-এর প্রতিক্রিয়া। এই মহড়া ৯ মার্চ শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত চলবে।
উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, এই ধরনের যৌথ সামরিক মহড়া আসলে তাদের বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি। ফলে এই পরিস্থিতিতে পূর্ব এশিয়ায় সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।





