কলকাতা, ১৪ মার্চঃ প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগে উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকায় তীব্র উত্তেজনা ছড়াল। রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ ঘিরে শনিবার দুপুরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও গিরিশ পার্ক চত্বর। ইট-পাটকেল ছোঁড়াছুড়ি ও ধস্তাধস্তির ঘটনায় এক বিজেপি সমর্থক রক্তাক্ত হন বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ বাহিনী।
অভিযোগ, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে বিজেপি কর্মী-সমর্থকদের একটি মিছিল চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময় গিরিশ পার্ক মেট্রো স্টেশনের সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের দাবি, সেই সময় বিজেপি সমর্থকদের একটি অংশ মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে আচমকা ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। তখন মন্ত্রী বাড়িতেই উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
মন্ত্রী শশী পাঁজা অভিযোগ করে বলেন, “গুন্ডাদের নিয়ে বিজেপি ব্রিগেড করছে। আমার বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে।” তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই হামলায় মন্ত্রীর দুই কর্মী আহত হন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। গেরুয়া শিবিরের দাবি, গিরিশ পার্ক ও চিত্তরঞ্জন অ্যাভিনিউ মোড়ে তৃণমূল সমর্থকেরাই প্রথমে বিজেপি কর্মীদের একটি বাসে হামলা চালায়। সেই হামলায় তাঁদের এক সমর্থক আহত হয়েছেন বলেও দাবি বিজেপির।
ঘটনাস্থলে মন্ত্রীর বাড়ির নিরাপত্তায় থাকা পুলিশ বাহিনীর সামনেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ইট-পাটকেল ছোঁড়াছুড়ির ঘটনায় এক পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার জেরে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।





