মালদা, ১৩ মার্চঃ সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে শুক্রবার মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তর চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনের অংশ হিসেবে সংগ্রামী যৌথ মঞ্চ-এর সদস্যরা শিক্ষা সংসদ দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ জানায় তৃণমূল পরিচালিত সংগঠন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। এরপরই দুই সংগঠনের সদস্যদের মধ্যে বচসা শুরু হয়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কিছুক্ষণের জন্য জেলা শিক্ষাভবন চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, তাদের ধর্মঘটের ব্যানার ছিঁড়ে ফেলা হয় সরকারি কর্মচারীদের পক্ষ থেকে। এর প্রতিবাদ করতেই তাদের ওপর হামলা চালানো হয় বলে দাবি করেন সংগঠনের আহ্বায়ক হিল্লোল পাল।
অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলা সভাপতি চিরঞ্জীব মিশ্র পাল্টা অভিযোগ করে বলেন, যারা সরকারি কর্মচারী নন তারাই পিকেটিং করে সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। এর প্রতিবাদ জানাতেই যৌথ মঞ্চের সদস্যরা তাদের দিকে তেড়ে এসে মারধর করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নজরদারিতে রয়েছে।





