বনগাঁ, ১২ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বনগাঁ মহকুমায় প্রকাশ্যে চলে এল বিজেপির তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। ‘আদি’ ও ‘নব্য’ বিজেপি কর্মীদের মধ্যে বিরোধ ঘিরে অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ যাওয়ার ইস্যুকেও হাতিয়ার করে রাজনৈতিক ময়দানে নামছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
এসআইআর প্রক্রিয়ার আবহে বনগাঁ মহকুমা এখন সব রাজনৈতিক দলেরই বিশেষ নজরে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে এই মহকুমার প্রায় ৩৭ হাজার মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ, যাঁদের অধিকাংশই উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ। ফলে আসন্ন নির্বাচনে মতুয়া ভোটব্যাঙ্ক কোন দিকে যাবে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন বিজেপির প্রাক্তন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্টে তিনি দলের বর্তমান নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন। এক পোস্টে তিনি লেখেন, বনগাঁ জেলায় ‘আদি বিজেপি কর্মীদের মাথায় উঠে নাচছে টিএমসি খেদানো চিটিংবাজ’। বাগদা বিধানসভা নিয়েও তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, আদি বিজেপি কর্মীদের দমিয়ে রাখা হচ্ছে।
মনস্পতি দেবের এই মন্তব্য ঘিরে জেলা রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গেছে। রাজনৈতিক মহলের মতে, বর্তমানে বনগাঁ বিজেপির নেতৃত্বে থাকা অনেকেই আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বনগাঁ মহকুমার চারটি আসনেই বিজেপি জয়ী হলেও পরে বাগদা উপনির্বাচনে জয় ছিনিয়ে নেয় তৃণমূল।
এই পরিস্থিতিতে বিজেপির অন্তর্কলহ এবং মতুয়া ভোটারদের নাম বাদ পড়ার বিষয়টি সামনে এনে আক্রমণ শানিয়েছে তৃণমূল। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস কটাক্ষ করে বলেন, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত একটি দল। তবে এই বিতর্কে সরাসরি মন্তব্য করতে চাননি বিজেপির বর্তমান জেলা সভাপতি বিকাশ ঘোষ। তাঁর দাবি, বিষয়টি নিয়ে তিনি কোনও প্রতিক্রিয়া দেবেন না।





