মালদা, ১২ মার্চঃ রাজ্যের বিভিন্ন জায়গায় গ্যাস সংকটের জেরে স্কুলে স্কুলে মিড ডে মিল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে মালদার বেশ কিছু স্কুলে আপাতত সেই সমস্যার তেমন প্রভাব পড়েনি। মালদার ললিত মোহন শ্যামমোহিনী উচ্চ বিদ্যালয়-এ এখনও পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার মজুত রয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুল সূত্রে জানা গেছে, এখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১৫০০। প্রতিদিন মিড ডে মিল রান্নার জন্য গড়ে তিন থেকে চারটি গ্যাস সিলিন্ডার লাগে। ফলে মাসে প্রায় ৮ থেকে ৯টি সিলিন্ডার খরচ হয়। বর্তমানে স্কুলে যে পরিমাণ গ্যাস মজুত রয়েছে, তাতে প্রায় ১৫ দিন নির্বিঘ্নে মিড ডে মিল চালানো সম্ভব।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত গ্যাস সিলিন্ডার বুকিং করা হচ্ছে। যদিও যুদ্ধ পরিস্থিতির আবহে যদি গ্যাস সংকট দীর্ঘস্থায়ী হয়, তাহলে আগামী দিনে মিড ডে মিল পরিষেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।





