মালদা, ১২ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বড় দাবি করলেন হুমায়ুন কবীর। তাঁর বক্তব্য, আগামী নির্বাচনে কোনও রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। না বিজেপি, না তৃণমূল কংগ্রেস কেউই সরকার গঠনের মতো আসন পাবে না। মালদায় সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, জনতা উন্নয়ন পার্টি একশোর বেশি আসন নিয়ে বিধানসভায় প্রবেশ করবে এবং তখন তারা উপ-মুখ্যমন্ত্রীর দাবি জানাবে।
এদিকে অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে মালদায় জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয় জনতা উন্নয়ন পার্টি। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তাঁর কাছে এমন প্রমাণ রয়েছে যে অ্যাডজুডিকেশন তালিকায় থাকা প্রায় ৩০ শতাংশ মানুষের নাম ট্রাইব্যুনালে পাঠানো হতে পারে। যদি তা ঘটে, তাহলে তিনি বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানান।
রাজনৈতিক জোট প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, আইএসএফ, কংগ্রেস কিংবা সিপিএমের সঙ্গে তাদের কোনও জোট হবে না। তবে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন-এর সঙ্গে জোটের সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।
অন্যদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশীষ কুন্ডু। তিনি বলেন, নির্বাচনের আগে অনেকেই নানা দাবি করেন, তবে শেষ কথা বলবে সাধারণ মানুষ।





