খবরিয়া ২৪ ডেস্ক, ১২ মার্চঃ কুৎসা ও কটাক্ষে ভরা বর্তমান রাজনৈতিক আবহে বৃহস্পতিবার লোকভবনে দেখা গেল এক বিরল সৌজন্যের ছবি। নতুন রাজ্যপাল আর এন রবির শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক আচরণে আপ্লুত হলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রবীণ এই বাম নেতা এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েন যে কাঁপা গলায় মুখ্যমন্ত্রীকে শুধু ‘ধন্যবাদ’ জানাতেই পারেন।
বৃহস্পতিবার রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেন আর এন রবি। লোকভবনে আয়োজিত সেই অনুষ্ঠানে নিয়মমাফিক আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে আসন বিন্যাসও নির্দিষ্ট ছিল। শপথমঞ্চের প্রথম সারিতে মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার এবং কলকাতার মেয়রের আসন বরাদ্দ ছিল। অন্যদিকে তৃতীয় সারিতে বসেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
অনুষ্ঠানে এসে বিমান বসুকে পিছনের সারিতে বসে থাকতে দেখে অবাক হন মুখ্যমন্ত্রী। তিনি সঙ্গে সঙ্গে বলেন, “আরে বিমানদা, আপনি এসেছেন! পিছনে কেন বসে? সামনে আসুন।” এরপর কার্যত জোর করেই তাঁকে তৃতীয় সারি থেকে তুলে সামনে নিয়ে আসেন। প্রথমে নিজের নিরাপত্তারক্ষীদের জন্য রাখা আসনে বসান। পরে আবার বলেন, “মেয়র তো আসবেন না, এই আসনটা ফাঁকা আছে। আপনি আমার পাশেই বসুন।” বিমান বসু আপত্তি জানালেও তাঁর কথা শোনেননি মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত তাঁকে প্রথম সারিতে নিজের পাশেই বসান।
অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময়ও দেখা যায় আরেক মানবিক মুহূর্ত। লোকভবনের দক্ষিণ পোর্টিকোর কাছে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন বিমান বসু। তাঁকে রোদে দাঁড়িয়ে থাকতে দেখে ফের এগিয়ে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনি এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে কেন? আপনার গাড়ি কোথায়?” নিজের গাড়ি এসে গেলেও তিনি ওঠেননি। বরং বলেন, আগে বিমান বসুর গাড়ি আসুক।
পরে বিমান বসুর গাড়ি এলে তাঁকে গাড়িতে তুলে দেন মুখ্যমন্ত্রী। এই সৌজন্যে আপ্লুত ৮৩ বছরের প্রবীণ বাম নেতা শুধু বলেন, “ধন্যবাদ।” এই ছোট ছোট মুহূর্তই যেন মনে করিয়ে দিল বঙ্গ রাজনীতিতে এখনও সৌজন্যের সংস্কৃতি পুরোপুরি হারিয়ে যায়নি।





