খবরিয়া ২৪ ডেস্ক, ১২ মার্চঃ আগামী সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার আগেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তৎপর হয়ে উঠেছে বিজেপি। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির নির্বাচনী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে। সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকতে পারেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, আগামী শনিবারই বঙ্গ সফরে আসছেন তিনি। ফলে তার আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
গত কয়েকটি নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ফল আশানুরূপ হয়নি। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন গেরুয়া শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলের তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীও এক জনসভায় এই নির্বাচনকে ‘ডু অর ডাই’ পরিস্থিতি বলে উল্লেখ করেছিলেন। তার উপর এবার ভোট হতে চলেছে এসআইআর-পরবর্তী পরিস্থিতিতে, যা বিজেপির জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমানে বঙ্গ বিজেপির সংগঠনগত অবস্থাও খুব শক্তিশালী নয়। দক্ষ সংগঠকের অভাব এবং দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বও রয়েছে। পাশাপাশি এসআইআর ইস্যু ভোটবাক্সে বিজেপিকে খুব বেশি সুবিধা দিতে পারবে না বলেও অনেকের ধারণা। ফলে আসন্ন নির্বাচনে গেরুয়া শিবির কিছুটা চাপে রয়েছে।
এই পরিস্থিতিতে প্রার্থী নির্বাচন নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে চাইছে বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, বর্তমানে যাঁরা বিজেপির বিধায়ক রয়েছেন তাঁদের অধিকাংশকেই আবার টিকিট দেওয়া হতে পারে। পাশাপাশি সংগঠনের দক্ষ কর্মী ও নেতাদেরও প্রার্থী করা হতে পারে।
দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ টিকিট পান কিনা এবং পেলে কোন কেন্দ্র থেকে লড়বেন, তা নিয়েও জল্পনা রয়েছে। এছাড়াও তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে। তবে শুধু বিনোদন জগতের জনপ্রিয়তা কাজে লাগিয়ে প্রার্থী করার পথে এবার হাঁটতে চাইছে না বিজেপি। শেষ পর্যন্ত কারা টিকিট পাবেন, তা প্রার্থী তালিকা ঘোষণার পরই স্পষ্ট হবে।





