খবরিয়া ২৪ ডেস্ক, ১১ মার্চঃ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। প্রায় ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ তালিকায় থাকলেও শিগগিরই ভোট ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সম্প্রতি কলকাতায় এসে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি বৈঠক সেরে সাংবাদিক সম্মেলনে এই ইঙ্গিত দেন তিনি।
দু’দিনের সফরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, সমস্ত বিষয় দিল্লিতে পর্যালোচনা করার পরই নির্বাচন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিচারাধীন ভোটারদের অধিকার নিশ্চিত হওয়ার আগেই ভোট ঘোষণা হতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে তাঁর মন্তব্য ঘিরে।
মুখ্য নির্বাচন কমিশনার জানান, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন-এর হিসাব অনুযায়ী, বিচারাধীন ভোটারদের বাদ দিলে পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯। অর্থাৎ ২০২৫ সালের অক্টোবর মাসের তালিকার তুলনায় প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটার কম। এই বিপুল সংখ্যক ভোটার এখনও যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
এই পরিস্থিতিতে ‘অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। জ্ঞানেশ কুমার অবশ্য জানান, সুপ্রিম কোর্ট-এর নির্দেশ অনুযায়ী কলকাতা হাই কোর্ট-এর প্রধান বিচারপতির তত্ত্বাবধানে বিচারকরা ভোটারদের যোগ্যতা যাচাইয়ের কাজ করছেন এবং সেই প্রক্রিয়া এগোচ্ছে।
এদিকে এই ইস্যুতে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, বিচারাধীন তালিকায় থাকা বিপুল সংখ্যক ভোটারকে বাদ রেখেই নির্বাচন করানোর চেষ্টা চলছে, যা আসলে রাজনৈতিক চক্রান্ত। তাদের দাবি, এতে বিজেপি সুবিধা পেতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই পরিস্থিতিতে কমিশন কৌশলে বিষয়টির দায় আদালতের দিকে ঠেলে দিতে চাইছে। ফলে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ ও ভোট ঘোষণার সময় নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।





