কলকাতা, ১০ মার্চঃ রাজনীতির ময়দানে সদ্য পা রাখা অ্যাথলিট স্বপ্না বর্মণ এবার দেখা গেল ধর্মতলার ধরনা মঞ্চে। তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে প্রথমবার বক্তৃতা দিয়ে নজর কাড়লেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে রাজবংশী ভাষায় বক্তব্য রাখেন স্বপ্না। একই সঙ্গে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি কলকাতার তৃণমূল ভবনে তৃণমূল কংগ্রেসে যোগ দেন স্বপ্না বর্মণ। তার মাত্র তেরো দিনের মাথায় ধর্মতলার ধরনা মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পান তিনি। প্রথমবার এত বড় মঞ্চে কথা বলার সুযোগ পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান স্বপ্না। তিনি বলেন, “আমি তৃণমূলে যোগ দিয়েছি ১৩ দিন হল। প্রথমবার এত বড় মঞ্চে বলতে দেওয়ার জন্য দিদির কাছে কৃতজ্ঞ।”
বক্তব্য রাখতে গিয়ে স্বপ্না অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। তাঁর দাবি, “বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য আমরা এখানে এসেছি। নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকার মানুষের নাম কাটার চক্রান্ত করছে। বাংলার মানুষ তা কিছুতেই মেনে নেবেন না।”
তিনি আরও বলেন, এটি শুধু সাধারণ মানুষের উপর অত্যাচার নয়, বরং গণতন্ত্রের উপর আঘাত। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানান তিনি।
এদিকে ধরনার পঞ্চম দিনে রং-তুলির মাধ্যমে প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্যানভাসে ‘ভ্যানিশ কুমার’ নামে একটি প্রতীকী ছবি আঁকেন, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।
অবশেষে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে দলের নেতা-নেত্রীদের সম্মতিতে মঙ্গলবার সন্ধ্যায় ধর্মতলার অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “ধরনা আপাতত তুলে নেওয়া হল।”





