কলকাতা, ১০ মার্চঃ এসআইআর ইস্যুতে প্রতিবাদ জানিয়ে গত ৬ তারিখ থেকে ধর্মতলায় ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধন নিয়ে হয়রানি ও যড়যন্ত্রের অভিযোগ তুলে এই কর্মসূচি শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের পর ধরনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
ধরনামঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি এসেছে। আদালত জানিয়েছে, ভোটের আগের দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকবে। তাই এই বিষয়ে মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, আদালতের এই পর্যবেক্ষণের উপর আস্থা রেখেই তাঁরা আপাতত আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, “এবার আমরা বিচারের অপেক্ষায় থাকব। মানুষ অবশ্যই তাদের অধিকার পাবেন।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, যে দরজাটি এতদিন বন্ধ হয়ে গিয়েছিল বলে মনে হচ্ছিল, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ফলে সেই দরজা আবার খুলতে শুরু করেছে। তিনি দাবি করেন, ভোটাধিকার রক্ষার জন্যই এই আন্দোলন শুরু করা হয়েছিল এবং সেই লক্ষ্যেই তারা লড়াই চালিয়ে যাবে।
উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, এই প্রক্রিয়ার মাধ্যমে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা আরও স্বচ্ছ ও নির্ভুল করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর আপাতত রাজনৈতিক উত্তাপ কিছুটা কমতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে চূড়ান্ত রায়ের দিকে এখন নজর সবার।





