কলকাতা, ৯ মার্চঃ রবিবার রাতেই কলকাতায় পৌঁছেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এসআইআর বিতর্কের আবহে রাজ্যে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে তাঁর সঙ্গে এসেছে নির্বাচন কমিশন-এর ফুলবেঞ্চ। তবে শহরে পা রাখার পর থেকেই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনারকে।
সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্যেই তিনি পুজো দিতে যান কালীরঘাট কালি মন্দিরে। সেই সময় মন্দির চত্বরে একদল বিক্ষোভকারী কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। পুজো দিয়ে মন্দির থেকে বেরোনোর সময়েও মুখ্য নির্বাচন কমিশনারকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এতে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভের বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্ঞানেশ কুমার বলেন, “মা কালী সবার ভালো করুন, ভাল রাখুন।”
উল্লেখ্য, রবিবার রাতে কলকাতায় পৌঁছানোর পর থেকেই তাঁকে ঘিরে শুরু হয় প্রতিবাদ। বিমানবন্দরে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। কৈখালি, ভিআইপি রোড-সহ একাধিক জায়গায় তাঁর কনভয় লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়। এমনকি রাজারহাটে যে হোটেলে তিনি অবস্থান করছেন, সেখানেও বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে।
এদিকে সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের দিনভর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সকাল প্রায় ১০টা নাগাদ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বসবে কমিশনের ফুলবেঞ্চ। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজীব কুমার-এর। এরপর সিইও এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গেও বৈঠক করবে কমিশন। পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি, বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গেও আলাদা বৈঠকের সূচি রয়েছে।
সূত্রের খবর, এই বৈঠকগুলিতে মূলত ভোটের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কমিশনের এই সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।





