খবরিয়া ২৪ ডেস্ক, ২ মার্চঃ ভালোবাসার সম্পর্কের আড়ালে হিংসার ভয়ংকর চিত্র এমনই এক ভিডিও ঘিরে তোলপাড় সোশাল মিডিয়া। ঘটনাটি ঘটেছে দিল্লির জাপানিস পার্কে। পার্কের একটি বেঞ্চে বসে থাকা এক যুগলের আচমকা বিবাদ ও তার পরবর্তী মারধরের দৃশ্য ক্যামেরাবন্দি হতেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। আর তা দেখেই ক্ষোভে ফুঁসে উঠেছেন নেটিজেনদের একাংশ।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক পরা এক তরুণী ও হলুদ জামা পরা এক যুবক পাশাপাশি বসে রয়েছেন। প্রথমে মনে হচ্ছিল সাধারণ কথাবার্তা চলছে। তবে তাঁদের দেহভঙ্গি দেখে স্পষ্ট ছিল উত্তেজনা রয়েছে। হঠাৎই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সপাটে তরুণীর গালে চড় মারেন যুবক। এরপর উঠে দাঁড়িয়ে তাঁকে এলোপাথাড়ি মারতে থাকেন বলেও দেখা যায় ভিডিওতে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি জানান, যুবকটি নাকি পরপর ৩০ থেকে ৪০টি চড় মেরেছিলেন তরুণীকে। পরিস্থিতি বেগতিক দেখে তিনিই মোবাইল ফোনে রেকর্ডিং শুরু করেন। সেই ভিডিওই পরে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়।
ঘটনাটি সামনে আসতেই ‘টক্সিক রিলেশনশিপ’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই কমেন্ট বক্সে আইনি পদক্ষেপের দাবি তুলেছেন। কেউ আবার তরুণীকে এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়েছে কি না, তা স্পষ্ট নয়। পাশাপাশি ভাইরাল ভিডিওতে দেখা যুগল আদৌ প্রেমিক-প্রেমিকা কি না, সেটিও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রকাশ্যে এই ধরনের হিংসার ঘটনা সমাজে উদ্বেগ বাড়িয়েছে বলেই মত সাধারণ মানুষের।





