মালদা, ২৮ ফেব্রুয়ারিঃ কেন্দ্রীয় বাজেট এবং নতুন আইটি অ্যাক্টকে কেন্দ্র করে শনিবার মালদায় অনুষ্ঠিত হল উত্তরবঙ্গ ভিত্তিক এক গুরুত্বপূর্ণ সেমিনার। মালদহ শহরের একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই আইটি স্টাডি সার্কেল মিটিংয়ে অংশ নেন একাধিক আইটি বিশেষজ্ঞ ও আয়কর আইনজীবী।
উত্তরবঙ্গ ট্যাক্স অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এবং মালদা ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশন-এর সহযোগিতায় এই আলোচনা সভার আয়োজন করা হয়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শতাধিক আয়কর বিষয়ক আইনজীবী এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
সভায় কেন্দ্রীয় বাজেটের আয়কর সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব, নতুন আইটি অ্যাক্টের গুরুত্বপূর্ণ সংশোধনী এবং তার বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে করদাতাদের উপর নতুন বিধির প্রভাব, রিটার্ন ফাইলিং প্রক্রিয়ার পরিবর্তন এবং আইনগত জটিলতা সংক্রান্ত বিষয়গুলি তুলে ধরা হয়।
সংগঠনের নেতৃত্বের মতে, এই ধরনের কর্মশালা আইনজীবীদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করে এবং সাধারণ মানুষকে আরও সঠিক ও কার্যকর পরিষেবা দিতে সহায়তা করে।





